সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির বর্তমান অবস্থা।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ সাধারন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওসমান হাদিকে ১৫ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার বড় ভাই ওমর ফারুক সেখান থেকে হাদির সাস্থ্যের সুখবর দিয়েছেন।
তিনি বলেছেন, হাদির শ্বাস-প্রশ্বাস এবং হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে। তার হার্ট আগের তুলনায় অধিক ভাল কাজ করছে। এখন হাদির অবস্থা স্থিতিশীল আছে। সিঙ্গাপুর হতে সোমবার দিবাগত রাতে ১২.৩০ ঘটিকায় ডাক্তারদের রেফারেন্স দিয়ে হাদির ভাই ওমর ফারুক একথা জানিয়েছেন।
সিঙ্গাপুরে যাওয়ার সময় ওসমান হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট বেড়ে গিয়ে স্বাস্থ্যের অবনতি ঘটেছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। যার কারণে বিমানবন্দর থেকে অতি দ্রুত তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়েছিল।
ওমর ফারুক জানান, ডাক্তারগণ হাদিকে স্যালাইনের মাধ্যমে প্রয়োজনীয় ঔষধ দিয়েছেন এবং তাকে প্রায় দুই ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখেন। তারপর হাদি চিকিৎসায় সাড়া দিতে শুরু করে, তার হার্টবিট ও শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হয়ে আসে এবং তার হার্ট পূর্বের থেকে অধিক কাজ করতে শুরু করে।
তিনি আরো জানান যে, শরীফ ওসমান হাদির স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল হয়ে এলে প্রয়োজনীয় সকল স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষা ঐ রাতেই বাংলাদেশ সময় রাত ২টা পর্যন্ত সম্পন্ন করা হয়। তাকে স্পেশলাইজড আইসিইউতে রাখা হয়েছে। সোমবার (১৫/১২/২০২৫ ইং) রাত থেকে আজ মঙ্গলবার (১৬/১২/২০২৫ ইং) দুপুর পর্যন্ত ডাক্তারগণ তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে হাদির সুচিকিৎসার জন্য একটি স্পেশলাইজড মেডিকেল টিম গঠন করেছে। এই স্পেশলাইজড টিম মঙ্গলবার (১৬/১২/২০২৫ ইং) দুপুরে তার স্বাস্থ্যগত পরীক্ষার সব রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা ব্যবস্থা শুরু করবেন বলে জানিয়েছেন ওমর ফারুক।